logo

ফ্লাইট ইস্যুতে আইসিসির ওপর ক্ষুব্ধ ডি কক

ফ্লাইট ইস্যুতে আইসিসির ওপর ক্ষুব্ধ ডি কক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে ক্রিকেটেও। যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান উত্তেজনার কারণে আন্তর্জাতিক আকাশপথে বিঘ্ন ঘটায় টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও কয়েকটি দল এখনো ভারত ছাড়তে পারেনি। এই পরিস্থিতিতে ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন কুইন্টন ডি কক।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল এখনো ভারতে অবস্থান করছে। আকাশপথের জটিলতার কারণে বাণিজ্যিক ফ্লাইটে সমস্যা হওয়ায় দলগুলোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে আইসিসি।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইংল্যান্ড দল মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ কলকাতা থেকে একটি চার্টার ফ্লাইটে একসঙ্গে যাত্রা করবে। প্রথমে তারা যাবে জোহানেসবার্গে, এরপর ওয়েস্ট ইন্ডিজ দল সেখান থেকে অ্যান্টিগায় ফিরবে।

তবে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার–ব্যাটার ডি কক বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, কেন ইংল্যান্ড আগে দেশে ফিরছে তা তাদের জানানো হয়নি।

তার মন্তব্য, ‘মজার বিষয় হলো, আমরা এখনো কিছুই শুনিনি। অথচ ইংল্যান্ড আমাদের আগে চলে যাচ্ছে! মনে হচ্ছে কিছু দল অন্যদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে।’

এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে উপসাগরীয় অঞ্চলের আকাশপথে বিধিনিষেধ থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে দলকে নিরাপদে দেশে ফেরাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন সামিও আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন। পরে চার্টার ফ্লাইটের পরিকল্পনার খবর পেয়ে তিনি বলেন, দলটি শুধু পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট আপডেটই চাইছিল।