logo
Advertisement

বৈভবকে থামাতে ভিডিও দেখে ছক কষেছে আফগানিস্তান

বৈভবকে থামাতে ভিডিও দেখে ছক কষেছে আফগানিস্তান
বৈভব সূর্যবংশী। ছবি: আইসিসি

মাত্র ১৫ বছর বয়সেই প্রতিপক্ষের আলাদা পরিকল্পনার কারণ হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এই তরুণ ওপেনারকে থামাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আফগানিস্তান।

রোববার সিরিজের প্রথম ম্যাচে শ্রেয়াস আইয়ারের ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। তার আগে সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান জানিয়েছেন, বৈভবের শক্তি ও দুর্বলতা বুঝতে তার ব্যাটিংয়ের ভিডিও বিশ্লেষণ করেছে দল। আইপিএলে তার বিপক্ষে খেলা ক্রিকেটারদের কাছ থেকেও নেওয়া হয়েছে তথ্য।

বৈভবকে ‘অসাধারণ প্রতিভা’ হিসেবে উল্লেখ করে জাদরান বলেন, ‘সে দারুণ প্রতিভাবান। আইপিএলে খুব ভালো করেছে, বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতাতেও পারফর্ম করছে। তাকে নিয়ে আমরা কথা বলেছি। আমাদের দলে এমন খেলোয়াড়ও আছে, যারা আইপিএলে তার বিপক্ষে খেলেছে। তাদের কাছ থেকেও তথ্য পেয়েছি।’

শুধু অভিজ্ঞতার ওপর নির্ভর না করে বৈভবের ব্যাটিংয়ের ভিডিওও খুঁটিয়ে দেখেছে আফগানিস্তান।

জাদরান বলেন, ‘আমরা তার ভিডিও দেখেছি। নিজেদের পরিকল্পনা সহজ রাখতে চাই এবং মাঠে সেটার সঠিক বাস্তবায়নই হবে লক্ষ্য।’

আইপিএলের পর লাল বলের ক্রিকেটেও সামর্থ্যের ঝলক দেখিয়েছেন বৈভব। সদ্য শেষ হওয়া দুলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে তিন ম্যাচের পাঁচ ইনিংসে করেছেন ১৯২ রান। কেন্দ্রীয় অঞ্চলের বিপক্ষে সেমিফাইনালে তার ৯২ রানের ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

এবার আবার ফিরছেন সেই সংস্করণে, যেখান থেকে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন এই বাঁহাতি ওপেনার। তাই সিরিজ শুরুর আগেই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছে আফগানিস্তান।

চলতি বছর রশিদ খানের কাছ থেকে আফগানিস্তানের অধিনায়কত্ব পাওয়া জাদরানের জন্যও সিরিজটি গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বে চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলের পরিকল্পনা মাঠে কার্যকর করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

জাদরান বলেন, ‘এটা আমার জন্য বড় দায়িত্ব। একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে দায়িত্বটা উপভোগ করার চেষ্টা করছি। চাপের সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই গুরুত্বপূর্ণ।’

কন্ডিশন সম্পর্কেও আত্মবিশ্বাসী আফগান অধিনায়ক। তার মতে, পরিচিত পরিবেশে পরিকল্পনার বাস্তবায়ন ঠিকমতো করতে পারলেই ভালো সিরিজ সম্ভব।