বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে এই সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।
টসের সময় দুই অধিনায়কই আত্মবিশ্বাসী ছিলেন। ম্যাচটি দিয়েই ২০ দলের এই বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা উঠল। কাগজে-কলমে শক্তিশালী পাকিস্তান শুরুটা জয়ে রাঙাতে চাইছে, অন্যদিকে নেদারল্যান্ডস চাইছে চমক দেখাতে।
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
নেদারল্যান্ডসের একাদশ
মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), জ্যাক লায়ন–ক্যাশেট, লোগান ভ্যান বিক, রুফ ভ্যান ডার মার্ভে, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন ও পল ভ্যান মিকেরেন।
পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই দলের দেখা হয়েছে দুই বার, দুই বারই জিতেছে পাকিস্তান। নেদারল্যান্ডস এখনও পাকিস্তানের বিপক্ষে কোনো জয় পায়নি। সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পার্থে মুখোমুখি হয়ে ৬ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। সেবার নেদারল্যান্ডস ৯১ রানে থেমে গেলে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সবুজ জার্সিধারীরা।
সাম্প্রতিক ফর্ম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে নামছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ সিরিজে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেদারল্যান্ডসের সামনে।
সাম্প্রতিক ফল (সর্বশেষ আগে):
- পাকিস্তান – জয়, জয়, জয়, হার, পরিত্যক্ত
- নেদারল্যান্ডস – পরিত্যক্ত, হার, হার, জয়, জয়
বিশ্বকাপের প্রথম ম্যাচে তাই পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে থাকলেও, টি-টোয়েন্টির অনিশ্চয়তায় ডাচদের চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।