logo
Advertisement

মাঠের ঝামেলায় শাস্তি পেলেন ভারত-শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

এশিয়া পোস্ট স্পোর্টস
মাঠের ঝামেলায় শাস্তি পেলেন ভারত-শ্রীলঙ্কার দুই ক্রিকেটার
ঘটনার সূত্রপাত জয়সাওয়ালের আউটের পর ফার্নান্দোর উদযাপনকে কেন্দ্র করে। ছবি: এএফপি

কলম্বো টেস্টে উইকেট উদ্‌যাপন থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতির শাস্তি পেলেন যশস্বী জয়সওয়াল ও আসিথা ফার্নান্ডো। মাঠে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের দায়ে দুই ক্রিকেটারকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও।

Advertisement

শ্রীলঙ্কা-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটে। ৪৫ রান করা জয়সওয়ালকে বোল্ড করার পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন ফার্নান্ডো। ভারতীয় ওপেনারকে উদ্দেশ করে তিনি বিদায়ী বার্তাও দেন বলে মনে হয়েছে।

প্যাভিলিয়নের পথে থাকা জয়সওয়াল তখন ঘুরে দাঁড়িয়ে ফার্নান্ডোর দিকে এগিয়ে যান। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে তাদের মাথায় মাথা লেগে যায়। পরে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও অন্য ক্রিকেটাররা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনাটি পর্যালোচনার পর দুজনকেই আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। তারা আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন। এই ধারায় খেলোয়াড়, দলের সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কারও সঙ্গে ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ’ নিষিদ্ধ।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুই ক্রিকেটারের শাস্তির প্রস্তাব দেন। জয়সওয়াল ও ফার্নান্ডো নিজেদের অপরাধ মেনে নিয়ে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট গ্রহণ করেছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে দুজনেরই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। এই সময়ের মধ্যে কোনো খেলোয়াড়ের চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।

জয়সওয়াল শুরুটা ভালো করলেও অর্ধশতক থেকে পাঁচ রান দূরে থামেন। তাকে ফিরিয়েই ম্যাচে নিজের প্রথম উইকেটটি পেয়েছিলেন ফার্নান্ডো। কিন্তু সেই উইকেটের উদ্‌যাপনে সীমা অতিক্রম করে শেষ পর্যন্ত দুজনকেই গুনতে হলো জরিমানা।

মাঠের ঝামেলায় শাস্তি পেলেন ভারত-শ্রীলঙ্কার দুই ক্রিকেটার