logo
Advertisement

টেস্ট শেষের আগেই সাইমের টিকিট, হিসাব পাল্টালেন রাজাউল্লাহ

টেস্ট শেষের আগেই সাইমের টিকিট, হিসাব পাল্টালেন রাজাউল্লাহ
সাইম আইয়ুব। ছবি: সিপিএলটি২০

আগের দুই টেস্টের মতো ইংল্যান্ড-পাকিস্তান তৃতীয় টেস্টও তিন দিনেই শেষ হতে পারে বলে ধরে নিয়েছিল সিপিএল দল জ্যামাইকা কিংসমেন। সেই সম্ভাবনা ধরে পাক ওপেনার সাইম আইয়ুবের বিমানের টিকিটও কেটে রেখেছিল তারা। তবে সতীর্থ রাজাউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ড-পাকিস্তানের এজবাস্টন টেস্ট চতুর্থ দিনে গড়ানোয় পিছিয়ে যায় সাইমের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফেরার পরিকল্পনা।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাজ্য থেকে বার্বাডোসে যাওয়ার টিকিট ছিল সাইমের। জ্যামাইকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতিও নিয়েছিল। তবে শর্ত ছিল, টেস্ট তিন দিনের মধ্যে শেষ হতে হবে। ম্যাচ চলতে থাকায় জাতীয় দলের সঙ্গেই থাকতে হয় বাহাতি এই ওপেনারকে। তার যাত্রা অন্তত এক দিন পিছিয়ে যায়।

ম্যাচের পরিস্থিতি অবশ্য দ্রুত সমাপ্তির সম্ভাবনাই তৈরি করেছিল। প্রথম ইনিংসে পাকিস্তানের ১৩৩ রানের জবাবে ইংল্যান্ড করে ৪৫৩। ফলে ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। কিন্তু শেষ দিকে অভিষিক্ত রাজাউল্লাহর ৮১ রানের ইনিংস বদলে দেয় পরিস্থিতি। মোহাম্মদ আব্বাসের সঙ্গে তাঁর ১২১ রানের জুটিতে পাকিস্তান পৌঁছে যায় ৪৪৯ রানে। ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামতে হয় ১৩০ রানের লক্ষ্য নিয়ে।

শেষ পর্যন্ত শনিবার চতুর্থ দিনে আট উইকেটে জিতে সিরিজে পাকিস্তানকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করে ইংল্যান্ড। রাজাউল্লাহর প্রতিরোধ দলের হার ঠেকাতে পারেনি, তবে ম্যাচটি আরও এক দিন টেনে নিয়েছে। আর তাতেই জ্যামাইকার ভ্রমণসূচির হিসাব মেলেনি।

সিপিএলে ভালো ছন্দেই ছিলেন সাইম। কিন্তু ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্ট হারের পর দলে ব্যাপক পরিবর্তন আনে পাকিস্তান। তখন ক্যারিবীয় অঞ্চল থেকে সরাসরি ইংল্যান্ডে গিয়ে টেস্ট দলে যোগ দেন তিনি। এর কয়েক দিন আগেই জ্যামাইকার হয়ে সেঞ্চুরি করেছিলেন।

এজবাস্টনে অবশ্য সেই সাফল্যের ধারেকাছেও যেতে পারেননি। দুই ইনিংসেই শূন্য রানে আউট হন সাইম। বল হাতেও পাননি উইকেট।

সাইমকে ছাড়াই এরপর বার্বাডোস ট্রাইডেন্টসের মুখোমুখি হয় জ্যামাইকা। বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে ৯ উইকেটে ১৫০ রান করেও শেষ বলে দুই উইকেটে হেরেছে তারা। তবে হারের পরও সেন্ট লুসিয়া কিংসকে নেট রানরেটে পেছনে ফেলে চতুর্থ দল হিসেবে প্লেঅফে উঠেছে জ্যামাইকা। ফলে সাইমের ফেরার অপেক্ষার মধ্যেই টুর্নামেন্টে টিকে থাকার স্বস্তি পেয়েছে দলটি।