বাংলাদেশকে সমীহ, তবুও সিরিজ জয়ের লক্ষ্য ল্যাথামের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই মাঠে নামছে নিউজিল্যান্ড। একইসঙ্গে নিজেদের লক্ষ্যও পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক টম ল্যাথাম।
মিরপুরে আগামীকালের প্রথম ওয়ানডে শুরুর আগে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি সিরিজ জিততে। এটাই আমাদের মূল লক্ষ্য।’
তবে এই লক্ষ্য অর্জন সহজ হবে না, সেটাও ভালোভাবেই জানেন কিউই অধিনায়ক। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সের কথাও তুলে ধরেন তিনি।
ল্যাথামের ভাষায়, ‘বাংলাদেশ এখন দারুণ ক্রিকেট খেলছে…পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর তারা অবশ্যই আত্মবিশ্বাসী থাকবে। আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ।’
এই সিরিজে নিউজিল্যান্ড দল তুলনামূলক অনভিজ্ঞ হলেও এটিকে তিনি সমস্যা নয়, বরং সুযোগ হিসেবে দেখছেন।
তিনি বলেন, ‘আমাদের দলে কিছু কম অভিজ্ঞ খেলোয়াড় আছে, কিন্তু এটা তাদের জন্য বড় সুযোগ… নতুন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’
বাংলাদেশের কন্ডিশন নিয়েও স্পষ্ট ধারণা রয়েছে ল্যাথামের। বিশেষ করে গরম আবহাওয়া এবং উইকেটের আচরণকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি।
‘এখানে গরম, কন্ডিশন আমাদের দেশের চেয়ে আলাদা…তাই দ্রুত মানিয়ে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ বলেন তিনি।
একইসঙ্গে উইকেট ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার ওপর জোর দিয়েছেন কিউই অধিনায়ক।
তার কথায়, ‘আমরা সবসময় পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই…মাঠে যা সামনে আসবে, সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই আসল।’
বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়েও সতর্ক ল্যাথাম। পেস ও স্পিন দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ দল হিসেবে দেখছেন স্বাগতিকদের।
তিনি বলেন, ‘বাংলাদেশের দলে পেস এবং স্পিন দুই দিকেই শক্তি আছে…তাই আমাদের সব দিক থেকেই প্রস্তুত থাকতে হবে।’