logo

পিএসএলে নাম লেখালেন স্টিভ স্মিথ

পিএসএলে নাম লেখালেন স্টিভ স্মিথ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজ তাদের প্রথম বড় চমক দেখাল আসন্ন আসরের আগেই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দলটি। মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া পিএসএল ১১–এর আগে এই সাইনিংকে টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম বড় দলবদল হিসেবেই দেখা হচ্ছে।

ফ্র্যাঞ্চাইজিটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, ‘পিএসএল ইতিহাসের অন্যতম বড় সাইনিং—গেম চেঞ্জার, পাওয়ারহাউস খেলোয়াড় স্টিভ স্মিথকে স্ট্যালিয়ন পরিবারে স্বাগতম।’ এর মধ্য দিয়েই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার।

সাধারণত টেস্টে সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত স্টিভ স্মিথের টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতাও সমৃদ্ধ। অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ১,০৯৪ রান, স্ট্রাইক রেট ১২৫-এর বেশি। রয়েছে পাঁচটি অর্ধশতক। ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া টি-টোয়েন্টিতে তার পরিসংখ্যান আরও উজ্জ্বল—২৭২ ম্যাচে ৬,২৪২ রান, স্ট্রাইক রেট ১৩১–এর ওপরে; পাশাপাশি পাঁচটি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।

সবচেয়ে সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচে ২৯৯ রান করেছেন স্মিথ, স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬৮। একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকে দলকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা রাখেন তিনি।

এর আগে জানুয়ারির শেষ দিকে সিয়ালকোট স্ট্যালিয়নজ প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে। টেস্ট ও ওয়ানডেতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া পেইনের অভিজ্ঞতা নতুন দলটির জন্য বাড়তি শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ওজ ডেভেলপার্সের মালিকানাধীন সিয়ালকোট স্ট্যালিয়নজ ফ্র্যাঞ্চাইজিটি জানুয়ারিতে অনুষ্ঠিত নিলামে ১.৮৫ বিলিয়ন রুপিতে দলটির স্বত্ব কিনে নেয়। পিএসএলের ইতিহাসে এটি দ্বিতীয় বড় সম্প্রসারণ—মুলতান সুলতানস যোগ দেওয়ার পর এবার দুই নতুন দল যুক্ত হয়ে দলসংখ্যা দাঁড়াচ্ছে আটে।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা পিএসএল ১১–এর ম্যাচগুলো। এর আগে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত খেলোয়াড় নিলাম। স্টিভ স্মিথের মতো তারকার আগাম অন্তর্ভুক্তি সিয়ালকোট স্ট্যালিয়নজকে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।