অর্থ আত্মসাতের অভিযোগে বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে জিডি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর আবারও আলোচনায় এসেছেন, এবার তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ মার্চ এক আর্থিক লেনদেনের মাধ্যমে আসিফ আকবরকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ওই লেনদেনটি তার ব্যবসায়িক প্রয়োজনেই সম্পন্ন করা হয়।
অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞার দাবি, ডা. কাজী মাজহারুল ইসলাম ও পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এর একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে জমা করা হয় এবং বাকি অর্থ নগদে প্রদান করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, এই অর্থের মধ্যে আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। এখনও বকেয়া রয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা। একাধিকবার টাকা ফেরতের অনুরোধ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন বলেও দাবি করেন অভিযোগকারী।
পাওনা অর্থ আদায়ে ব্যর্থ হয়ে অবশেষে আইনি সহায়তা নিতে বাধ্য হন সালাহউদ্দিন ভূঞা। রমনা মডেল থানায় করা জিডিতে ডিউটি অফিসার হিসেবে স্বাক্ষর করেছেন আবু হানিফ।
এদিকে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত আসিফ আকবর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জিডি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তিনি দেশে ফিরে বিস্তারিত খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন।