পিএসএল ফাইনাল খেলার অনুমতি পেলেন নাহিদ রানা

আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানাকে পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ মের ফাইনালে নিজের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির হয়ে খেলতে পারবেন এই ডানহাতি পেসার।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। এর আগে পিএসএলে অংশ নিতে নাহিদকে দেওয়া অনাপত্তিপত্র বা এনওসি নিয়ে নতুন করে পর্যালোচনা করে বোর্ড। সেই পর্যালোচনার পরই তাকে ফাইনালের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিসিবি জানিয়েছে, বড় মানের একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাহিদের উন্নতির ধারায় এমন ম্যাচে অংশ নেওয়াকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে বোর্ড।
তবে অনুমতির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার ফিটনেস ও জাতীয় দলের প্রাপ্যতা। দলীয় ব্যবস্থাপনা ও বিসিবির মেডিকেল টিম নিশ্চিত করেছে, পিএসএল ফাইনালে খেললে নাহিদের ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের জন্য ম্যাচ খেলায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
ঢাকায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। বিসিবি ঘোষিত সেই টেস্টের স্কোয়াডে আছেন নাহিদ রানা।