logo

পিএসএলে অভিষেকে পারভেজের ১৪, বল হাতে উজ্জ্বল মোস্তাফিজ

পিএসএলে অভিষেকে পারভেজের ১৪, বল হাতে উজ্জ্বল মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচটা খুব একটা রঙিন হলো না পারভেজ হোসেন ইমনের। লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচে ১৩ বলে ১৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

তবে একই দলে থাকা মোস্তাফিজুর রহমান বল হাতে নিজের কাজটা ঠিকই করেছেন। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ১টি উইকেট শিকার করেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করেই ৬৯ রানের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাহোর।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে লাহোর ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৯৯ রান। ওপেনার ফখর জামান ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। মাঝের সারিতে হাসিবউল্লাহ খান ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।

চার নম্বরে নেমে পারভেজ শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। রাইলি মেরেডিথের বলে লং-অন বাউন্ডারিতে ক্যাচ দেওয়ার আগে একটি ছক্কা হাঁকান তিনি।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না হায়দরাবাদের। পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৪৮ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি।

মোস্তাফিজ নিজের প্রথম স্পেলে ছিলেন কড়া নিয়ন্ত্রণে। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে টানা দুই ওভারে দেন মাত্র ৯ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে তাঁর স্লোয়ারে ক্যাচ তুলে আউট হন ইরফান খান।

শেষ দিকে আরও দুই ওভার করেও আর উইকেট না পেলেও রান চেপে রাখেন এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ১৩০ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস, তাতে সহজ জয় নিশ্চিত হয় লাহোরের।