logo

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিকল্প প্রস্তুতির পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে খেলার সুযোগ না থাকায় ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রস্তুতি ধরে রাখতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে একটি কন্ডিশনিং ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুরু থেকেই বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না—এই অবস্থানে অনড় ছিল বিসিবি। পরবর্তীতে আইসিসির সঙ্গে একাধিক বার আলোচনা হলেও সমাধান আসেনি। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় জাতীয় দলের ক্রিকেটারদের সামনে এখন তৈরি হয়েছে সময়ের শূন্যতা। বর্তমানে অনেক ক্রিকেটার নিজ নিজ এলাকায় অবস্থান করছেন এবং পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। সামনে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) থাকলেও তার আগে জাতীয় দলের মূল ও পুলভুক্ত ক্রিকেটারদের জন্য আলাদা করে প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই কন্ডিশনিং ক্যাম্প চলবে প্রায় এক সপ্তাহ। এই ক্যাম্পের মূল লক্ষ্য থাকবে ফিটনেস ধরে রাখা এবং পরবর্তী ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির জন্য খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতি নিশ্চিত করা।

বিসিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে অতিরিক্ত কোনো টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও চিন্তাভাবনা চলছে, যাতে ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পান।

বিশ্বকাপের অনুপস্থিতিতে তৈরি হওয়া এই শূন্যতা পূরণে বিসিবির এই উদ্যোগকে জাতীয় দলের ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।