logo

মধ্যপ্রাচ্যের সংকটে ভারতে আটকে পড়েছে জিম্বাবুয়ে দল

মধ্যপ্রাচ্যের সংকটে ভারতে আটকে পড়েছে জিম্বাবুয়ে দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল দৌড় থেকে ছিটকে পড়ার পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা আঘাতের জেরে আকাশসীমা সংকট তৈরি হওয়ায় ভারতে আটকে পড়েছে দলটি।

দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলেই দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল জিম্বাবুয়ের। তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার পর দুবাইসহ আশপাশের আকাশপথে বিধিনিষেধ আরোপ হওয়ায় তাদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ে।

দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হারের পর জিম্বাবুয়ে কোচ জাস্টিন সিমন্স বলেন, দলের সবাই পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। ‘খেলায় মনোযোগ রাখার চেষ্টা করছি, কিন্তু কখন ফিরব, কীভাবে ফিরব—এসব প্রশ্ন সবার মাথায় ঘুরছে,’ বলেন তিনি।

দলটি তিনটি আলাদা দলে দেশে ফেরার পরিকল্পনা করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিকল্প রুট খোঁজা হচ্ছে। জানা গেছে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা হয়ে ফেরার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। দলে থাকা একাধিক খেলোয়াড় ও সমর্থকও একই সংকটে পড়েছেন। উল্লেখ্য, স্কোয়াডের সদস্য গ্রায়েম ক্রেমার দুবাইয়ে বসবাস করেন।

অন্যদিকে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা দল কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে। তবে বৈশ্বিক পরিস্থিতি তাদের আলোচনার বাইরে নেই বলে জানিয়েছেন কোচ শুকরি কনরাড।  খেলার বাইরে যা ঘটছে তা এড়িয়ে যাওয়া যায় না। তবে আমরা মাঠের পারফরম্যান্সেই মনোযোগ রাখছি,’ বলেন তিনি।

দুবাইভিত্তিক আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সরাসরি টুর্নামেন্টে প্রভাব ফেলেনি, তবে খেলোয়াড়, কর্মকর্তা ও সম্প্রচারকর্মীদের যাতায়াতের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

এদিকে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের জেরে রোববার (১ মার্চ) ভারতীয় এয়ারলাইন্সগুলোর অন্তত ৩৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জিম্বাবুয়ে দলের দেশে ফেরার সময়সূচি অনিশ্চিতই থাকছে।