নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতায় শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা ছয় জয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল এবার সুপার সিক্সের শেষ ম্যাচেও নেদারল্যান্ডসকে ৭ উইকেটে পরাজিত করে আসর শেষ করেছে।
১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। অধিনায়ক জ্যোতি ৪৪ বলে ৭টি চারে অপরাজিত ৫০ রান করেন। অন্য প্রান্তে সোবহানা মোস্তারি ২৩ বলে ৫ চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৩ রান যোগ করেন। তাদের দুজনের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি সহজ করে দেয় জয়ের পথ।
তবে লক্ষ্য ছোট হলেও শুরুটা মোটেই মসৃণ ছিল না বাংলাদেশের। মাত্র ৬ রান তুলতেই দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০) সাজঘরে ফেরেন। এরপর জ্যোতির সঙ্গে তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন শারমিন আক্তার। ২৮ বলে ১৩ রান করে বিদায় নেওয়ার পর সোবহানা এসে অধিনায়কের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
এর আগে বল হাতে বাংলাদেশই ম্যাচের ভিত গড়ে দেয়। নাহিদা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে নেদারল্যান্ডস। বাঁহাতি এই স্পিনার ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। মারুফা আক্তারও ৪ ওভারে ১৪ রান খরচায় একটি উইকেট তুলে নিয়ে কার্যকর ভূমিকা রাখেন। তাদের মিতব্যয়ী বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রানেই থামে ডাচরা।
এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ। পরের ধাপে থাইল্যান্ডকে হারিয়েই মূল বিশ্বকাপ নিশ্চিত করে লাল–সবুজের প্রতিনিধিরা। এরপর স্কটল্যান্ড ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বের শিরোপা জিতে যাত্রা শেষ করে জ্যোতিরা।
আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ। ১২ দলের সেই আসরে জায়গা নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়ে মূল পর্বে নামার প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।