৫১ বছর বয়সে ৫ উইকেট, ভাঙলেন ৯৪ বছরের রেকর্ড

বয়স ৫১ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়েছিল ৪৭ বছর বয়সে। এবার মাত্র ১০ রানে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন আইল অব ম্যানের ক্রিকেটার জোয়ানা হিকস।
পুরুষ ও নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়া বোলার এখন এই অফ স্পিনার। রেকর্ড গড়ার দিন তার বয়স ছিল ৫১ বছর ১৭১ দিন। পঞ্চাশ পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।
রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে নারী কন্টিনেন্টাল কাপের ম্যাচে গ্রিসের বিপক্ষে ইতিহাস গড়েন হিকস। তার ঘূর্ণিতে ১৫ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয় গ্রিস।
চার ওভার বল করে ১০ রান দিয়ে পাঁচটি উইকেট নেন হিকস। তার ২৪টি বলের মধ্যে ১৬টিতেই কোনো রান নিতে পারেননি গ্রিসের ব্যাটাররা। একটি রানআউটেও অবদান রাখেন তিনি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান করে আইল অব ম্যান। ৮৪ বল হাতে রেখে পাওয়া ৯ উইকেটের জয়ে ম্যাচসেরাও হয়েছেন হিকস।
তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গারের। ১৯৩২ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে ৪৯ বছর ৩১১ দিন বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
সেই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬ রানে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ছয়টি উইকেট নেন আইরনমঙ্গার। তার ম্যাচসেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ ও ৪৫ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ৭২ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। ম্যাচে আইরনমঙ্গারের বোলিং ছিল ২৪ রানে ১১ উইকেট।
হিকসের কাছে অবশ্য বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়া নতুন কিছু নয়। ২০২৪ সালে ছয় দিনের ব্যবধানে মাল্টা ও গ্রিসের বিপক্ষে দুবার পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। মাল্টার বিপক্ষে ১০ রানে পাঁচ উইকেট নেওয়ার পথে করেছিলেন হ্যাটট্রিকও।
সেই বছরের গ্রিস ম্যাচে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তির রেকর্ড গড়েছিলেন হিকস। দুই বছর পর নিজের রেকর্ডই শুধু ভাঙলেন না, পেছনে ফেললেন পুরুষ ক্রিকেটারদেরও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর তৃতীয় পাঁচ উইকেট।



