Advertisement

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

এশিয়া পোস্ট স্পোর্টস
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
অভিযুক্ত অভিষেক পোড়েল। ছবি: আনন্দবাজার পত্রিকা

ধর্ষণ, মারধর ও অপরাধমূলক ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের ভারতের উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সোমবার রাতে পশ্চিমবঙ্গের এমামি সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং পোড়েলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে মামলা ছিল এবং আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।’

পশ্চিমবঙ্গের মগরা থানায় গত ২৩ জুন পোড়েলের বিরুদ্ধে অভিযোগ করেন কর্ণাটকের এক মেডিকেল শিক্ষার্থী। ওই তরুণীর দাবি, পোড়েলের সঙ্গে তার প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল এবং তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

অভিযোগকারী জানান, গত বছর থেকে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এরপর পোড়েল ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর ভারতীয় এই ক্রিকেটার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন বলে অভিযোগ তার।

মামলার এজাহারে পোড়েলের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও অপরাধমূলক ভয়ভীতি দেখানোর অভিযোগও আনা হয়েছে। একপর্যায়ে তাকে খাবার না দিয়ে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল বলেও দাবি করেছেন ওই তরুণী। অভিযোগগুলোর তদন্ত করছে পুলিশ।

মামলাটি সামনে আসার পর পোড়েল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে গ্রেপ্তারের পর তার বা তার আইনজীবীর পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জুলাইয়ে মামলাটির শুনানিতে পোড়েলকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই সঙ্গে অভিযোগকারীর ব্যক্তিগত ছবি বা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ক্রিকেটারটির ইলেকট্রনিক যন্ত্র জব্দ করার নির্দেশও দেওয়া হয়। তদন্তে আরও সক্রিয় ভূমিকা নিতে পুলিশকে বলেছিলেন আদালত।

২৩ বছর বয়সী পোড়েল বাঁহাতি ব্যাটার ও উইকেটরক্ষক। ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। সর্বশেষ আসরে চার ইনিংসে করেছিলেন ১০৮ রান।

পশ্চিমবঙ্গের হয়ে ২০২১-২২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় পোড়েলের। এখন পর্যন্ত ৩২টি প্রথম শ্রেণির ও ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার