বরিশালকে ইনিংস ব্যবধানে হারাল খুলনা

প্রথম ইনিংসে ৯৪ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বড় বিপদে পড়েছিল বরিশাল বিভাগ। সেই ধসের মধ্যে এক প্রান্ত আগলে ৯১ রানের লড়াকু ইনিংস খেললেন হাফিজুর রহমান। কিন্তু তার একার প্রতিরোধে হার এড়ানো গেল না। জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরের প্রথম রাউন্ডে বরিশালকে ইনিংস ও ১৩৫ রানে হারিয়েছে খুলনা বিভাগ।
শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করেছে মোহাম্মদ মিঠুনের দল। প্রথম ইনিংসে ৪২৬ রান তোলার পর বরিশালকে দুই ইনিংসে ৯৪ ও ১৯৭ রানে গুটিয়ে দেয় খুলনা।
আগে ব্যাট করতে নেমে খুলনার বড় সংগ্রহের ভিত গড়েন কালাম সিদ্দিকি ও অধিনায়ক মিঠুন। কালাম ৯২ এবং মিঠুন ৮৯ রান করেন। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে ৫০ রান। বরিশালের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রুয়েল মিয়া। পাঁচ উইকেট নেন তিনি।
৪২৬ রানের জবাবে প্রথম ইনিংসে শুরু থেকেই চাপে পড়ে বরিশাল। অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি একাই করেন ৪৪ রান, বাকিদের কেউই উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেননি। ৯৪ রানেই শেষ হয় তাদের ইনিংস।
খুলনার হয়ে মেহেদী হাসান রানা ও শেখ পারভেজ জীবন নেন তিনটি করে উইকেট। সফর আলী ও আব্দুল হালিমের ঝুলিতে যায় দুটি করে উইকেট।
৩৩২ রানে পিছিয়ে থেকে ফলো অনে নামা বরিশালের দ্বিতীয় ইনিংসও বড় সংগ্রামের গল্প হয়ে থাকেনি। তবে এবার ব্যতিক্রম ছিলেন হাফিজুর। এক প্রান্ত ধরে রেখে ১৪৫ বলে ৯১ রান করেন তিনি। ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা।
হাফিজুর নবম ব্যাটার হিসেবে ফেরার পর আর বেশি দূর এগোতে পারেনি বরিশাল। ১৯৭ রানেই শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস।
খুলনার হয়ে এবার বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন সফর আলী। চার উইকেট নেন তিনি। শেখ পারভেজ জীবন পান তিনটি, সামিউন বাসীর রাতুল দুটি।
তাতেই নিশ্চিত হয় খুলনার ইনিংস ও ১৩৫ রানের জয়, আর প্রথম রাউন্ডেই পূর্ণ পয়েন্ট নিয়ে শুরু করে মিঠুনের দল।
