logo

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ১ পরিবর্তন

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ১ পরিবর্তন

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। আফিফের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। 

প্রথম ম্যাচ ২৬ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। 

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় টাইগাররা।  দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ঘুরে দাঁড়াবে, এমনটাই বিশ্বাস বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। 

প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ব্ল্যাক-ক্যাপসরা। 

২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা, যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয়। সব মিলিয়ে ৪৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে নিউজিল্যান্ড ৩৫ এবং বাংলাদেশ ১১ ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।