পাকিস্তান সিরিজে দলে ফিরতে পারেন আফিফ

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলে ফিরতে পারেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। জাতীয় দলের নির্বাচকরা তিন ম্যাচের এই সিরিজের জন্য যে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছেন, সেখানে আফিফের নাম থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন আফিফ। এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
তবে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আবারও নির্বাচকদের নজরে আসেন আফিফ। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে প্রতিযোগিতা এবং অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তার ব্যাটিং পারফরম্যান্স নির্বাচকদের মুগ্ধ করেছে।
সাম্প্রতিক বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ১২ ইনিংসে ২০৫ রান করেছিলেন আফিফ, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১২১। এরপর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে দুর্বার একাদশের হয়ে ধূমকেতু একাদশের বিপক্ষে ৩৬ বলে অপরাজিত ৬০ রান করেন। পরে বিসিএলে সাউথ জোনের হয়ে একটি সেঞ্চুরিও করেন তিনি।
বাংলাদেশ দলের মিডল অর্ডারে ধারাবাহিকতার খোঁজে থাকা নির্বাচকদের কাছে আফিফের বাঁহাতি ব্যাটিং ও প্রয়োজন হলে কয়েক ওভার বল করার সক্ষমতা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হয়েছে বলে জানা গেছে।
ক্রিকবাজকে বিসিবির একটি সূত্র জানায়, মিডল অর্ডারে একজন বাঁহাতি ব্যাটারের প্রয়োজন ছিল এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আফিফ সেই জায়গার জন্য শক্ত দাবিদার হয়ে উঠেছেন।
এদিকে দল নির্বাচনের আলোচনায় উইকেটকিপার-ব্যাটার জাকের আলিকে বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তার জায়গায় দলে ফিরতে পারেন লিটন দাস। লিটনের ব্যাটিং পজিশন নিয়েও টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা চলছে। তাকে টপ অর্ডারের বদলে পাঁচ নম্বরে খেলানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
পাকিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ৬ মার্চ। পরদিন ৭ মার্চ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।
সফরকারী পাকিস্তান দল ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ, যা হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।