logo

বুলবুলের বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন : বিসিবি

বুলবুলের বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন : বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তদন্তসংক্রান্ত দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন প্রধান আলেক্স মার্শালের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত চলছে না।

বিসিবি এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্য বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। আলেক্স মার্শাল নিজেও লিখিতভাবে অভিযোগটি অস্বীকার করেছেন এবং নিশ্চিত করেছেন যে, বিসিবি সভাপতির বিরুদ্ধে তার নেতৃত্বে কোনো তদন্ত নেই।

আলেক্স মার্শালের উদ্ধৃতি দিয়ে বিসিবি জানায়,  ‘বিসিবি সভাপতি আমার দ্বারা তদন্তাধীন—এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

বিসিবির মতে, এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। বোর্ড মনে করছে, এটি বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ন করা এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার একটি সচেতন প্রচেষ্টা।

এই পরিস্থিতিতে বিসিবি আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। বোর্ড জানিয়েছে, মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) মিরপুর থানায় দায়ের করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিসিবি, এর খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের মানহানিকর প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বোর্ড এবং ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে বিসিবি গণমাধ্যম ও সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে, যাচাই না করা তথ্য প্রচার বা শেয়ার না করতে এবং সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিসিবির অফিসিয়াল সূত্রের ওপর নির্ভর করতে।