logo

বিপজ্জনক পিচে পরিত্যক্ত ম্যাচ, মাথায় আঘাতে হাসপাতালে ব্যাটার

বিপজ্জনক পিচে পরিত্যক্ত ম্যাচ, মাথায় আঘাতে হাসপাতালে ব্যাটার

ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটে নিরাপত্তা শঙ্কায় মাঝপথেই পরিত্যক্ত হলো একটি ম্যাচ। বিপজ্জনক পিচে অস্বাভাবিক বাউন্সে ব্যাটার মাথায় আঘাত পাওয়ার পর আর খেলা চালিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

সার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে লিউয়ার্ড আইল্যান্ডস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যকার এই ম্যাচে ঘটনাটি ঘটে তৃতীয় দিনের প্রথম সেশনে। এর আগেই পিচের আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছিল। বল কখনও নিচু থাকছে, আবার কখনো হঠাৎই অস্বাভাবিকভাবে উঠে আসছিল।

এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বোলার জেডেন সিলসের একটি বাউন্সার হঠাৎই বিপজ্জনকভাবে উঠে লিউয়ার্ড আইল্যান্ডসের ব্যাটার জেরেমিয়া লুইসের হেলমেটে আঘাত করে। আঘাতের পর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে উঠে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করে মাঠ ছাড়েন।

— Ben Gardner (@Ben_Wisden) April 21, 2026

ঘটনার পর দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হয় লুইসকে এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

ম্যাচের পরিস্থিতিও তখন জটিল হয়ে উঠেছিল। লিউয়ার্ড আইল্যান্ডসের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৪০ রান, আর দলের সবকটি উইকেটই নিয়েছিলেন সিলস।

পিচের অস্বাভাবিক আচরণ এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আম্পায়াররা খেলা বন্ধ করে দেন। পরে ম্যাচ রেফারি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, এই পিচে খেলা চালিয়ে যাওয়া নিরাপদ নয়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, পিচটি এমন অবস্থায় পৌঁছেছিল যেখানে তা দ্রুত ঠিক করা সম্ভব নয় এবং খেলা চালালে ঝুঁকি থেকেই যেত। তাই নিয়ম মেনেই ম্যাচটি ড্র হিসেবে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এদিকে জানানো হয়েছে, এই ভেন্যুতে আপাতত আর কোনো ম্যাচ আয়োজন করা হবে না, শুধু নির্ধারিত ফাইনাল ছাড়া। ফাইনালের আগে পিচকে নিরাপদ ও প্রতিযোগিতামূলক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
 

সূত্র: এনডিটিভি