ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে বিসিবির বিশেষ বৈঠক

দেশের ক্রিকেট কাঠামো আরও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনতে ‘ক্রিকেট পাথওয়ে স্ট্রাকচার’ নিয়ে বিস্তৃত আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বৈঠকে তৃণমূল ক্রিকেট, বয়সভিত্তিক দল গঠন, কোচিং উন্নয়ন এবং খেলোয়াড় তৈরির ধারাবাহিক প্রক্রিয়া জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বর্তমান গ্রাসরুট ও বয়সভিত্তিক ক্রিকেট কাঠামোর কার্যকারিতা পর্যালোচনা করা হয় এবং কোথায় কোথায় উন্নতির সুযোগ রয়েছে তা চিহ্নিত করা হয়। বিশেষভাবে আলোচনায় আসে বয়সভিত্তিক দল নির্বাচনের পদ্ধতি পুনর্বিবেচনা এবং বয়স যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার প্রয়োজনীয়তা।
আলোচনার গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব ছিল—নিজ নিজ দায়িত্বের আওতায় সফলভাবে খেলোয়াড় তৈরি করতে পারা কোচদের জন্য প্রণোদনা চালু করা। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স মূল্যায়নের সুবিধার্থে দেশের সব ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের নিয়ে একটি সমন্বিত ডাটাবেস তৈরির বিষয়েও মতৈক্য হয়।
বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। একই সঙ্গে কোচদের জন্য সুস্পষ্ট ক্যারিয়ার পথ নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়, যাতে পেশাগত উন্নয়ন ও অগ্রগতির সুযোগ তৈরি হয়। কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম হালনাগাদ করতে একটি ‘কারিকুলাম রিভিউ কমিটি’ গঠনের প্রস্তাবও উঠে আসে।
এ ছাড়া বিস্তৃত পাথওয়ে কাঠামোর অংশ হিসেবে অনূর্ধ্ব–২৩ ক্রিকেটারদের জন্য একটি জাতীয় ক্রিকেট একাডেমি কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা হয়।
সভায় বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন, খালেদ মাসুদ, খান আবদুর রাজ্জাক ও আমজাদ হোসেন; প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী; জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন; টুর্নামেন্ট ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার; জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন; সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও শোয়েব ইসলাম; জাতীয় নির্বাচক হাসিবুল হোসেন; ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল; হাই পারফরম্যান্স (এইচপি) ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ বুলবুল বাশার।