আত্মবিশ্বাস আছে আমরা ঘুরে দাঁড়াব: শরিফুল

প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও হারের পর বাংলাদেশ শিবিরে হতাশা থাকলেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। মিরপুরে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে স্পষ্টভাবেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও সাইফ হাসান ও লিটন দাসের জুটিতে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু শেষদিকে ব্যাটিং ধসে ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা।
তবে এই হারে ভেঙে পড়ার কোনো কারণ দেখছেন না শরিফুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এখনও মাত্র একটা ম্যাচ গেছে, সামনে দুইটা ম্যাচ আছে। আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ।’
শুধু আত্মবিশ্বাস নয়, দলের পারফরম্যান্স নিয়েও খোলাখুলি কথা বলেন এই বাঁহাতি পেসার। তার মতে, প্রথম ম্যাচে বাংলাদেশ নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। ‘আমরা আমাদের বেস্ট ক্রিকেট কিন্তু প্রথম ম্যাচে দিতে পারি নাই। আমরা যদি বেস্ট ক্রিকেট খেলি, ইনশাআল্লাহ কামব্যাক করব।’
ম্যাচের মোড় ঘুরে যাওয়ার পেছনে দলগত ব্যর্থতাকেই দায়ী করেছেন শরিফুল।
‘ক্রিকেট এমন খেলা, এক ইউনিট ভালো করলে আরেক ইউনিট কখনো ফেইল করে… আমরা যদি একসাথে ভালো করতে পারি, ম্যাচ জেতা সম্ভব।’
নিজের সুযোগ পাওয়া নিয়েও উঠে এসেছে ড্রেসিংরুমের একটি মানবিক মুহূর্ত। মুস্তাফিজুর রহমান শেষ মুহূর্তে না খেলতে পারায় সুযোগ পান শরিফুল। সেই সময় সতীর্থ রিশাদের কথাই মনে করিয়ে দেন তিনি—‘ও বলছিল এটা হয়তো তোমার রিজিক… আল্লাহ হয়তো রিজিকে রাখছিল, তাই খেলতে পারছি।’
উইকেট নিয়েও বাস্তবতা মেনে নেওয়ার বার্তা দেন এই পেসার।
‘যেভাবে উইকেট থাকবে, সেভাবেই মানিয়ে নিতে হবে… আমরা যেমনটা আশা করছিলাম, উইকেট একটু ডিফারেন্ট বিহেভ করেছে।’
সবশেষে দলগত সমন্বয়ের ওপর জোর দিয়ে শরিফুল বলেন, ‘আমরা তাদেরকে সাপোর্ট দিব, তারা আমাদেরকে সাপোর্ট দিব—দল হিসেবে আমরা ম্যাচ জিততে চাই।’
প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে এখন সিরিজে টিকে থাকার লড়াই। তবে শরিফুলের কণ্ঠে শোনা গেল একটাই বার্তা নিজেদের সেরা খেলতে পারলেই বদলে যেতে পারে সবকিছু।
এখন দেখার বিষয়, সেই আত্মবিশ্বাস মাঠে কতটা বাস্তব রূপ পায়।