logo

মার্করাম–এনগিদির দাপটে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

মার্করাম–এনগিদির দাপটে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ ম্যাচে কানাডাকে ৫৭ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার এই জয়ে বড় অবদান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের ঝড়ো ফিফটি ও লুঙ্গি এনগিদির চার উইকেট।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে কানাডা ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানের বেশি তুলতে পারেনি।

২১৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কানাডা। তবে তিন নম্বরে নেমে নাভনিত ধালিওয়াল একাই লড়াই চালিয়ে যান। ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। হার্শ ঠাকরের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ধালিওয়াল, ঠাকর করেন ২৯ বলে ৩৩ রান। এছাড়া যুবরাজ শর্মা (১২) ও সাদ বিন জাফর দুই অঙ্কে পৌঁছালেও দলকে জয়ের পথে নিতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের নেতৃত্ব দেন লুঙ্গি  এনগিদি। চার ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। মার্কো ইয়ানসেন নেন ২ উইকেট, কাগিসো রাবাদা ও করবিন বশ একটি করে উইকেট পান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কানাডা অধিনায়ক দিলপ্রীত বাজওয়া, যা শেষ পর্যন্ত উল্টো ফল দেয়। ওপেনিং জুটিতে অধিনায়ক এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক দ্রুত ৭০ রান যোগ করেন। ডি কক ২২ বলে ২৫ রান করে আউট হন। এরপর রায়ান রিকেলটনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন মার্করাম। ৩২ বলে ১০ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে থামেন তিনি।

মাঝে আনশ প্যাটেল টানা দুই ওভারে রিকেলটন (৩১) ও ডেওয়াল্ড ব্রেভিসকে ফিরিয়ে কিছুটা চাপে ফেলে দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ দিকে ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। মিলার ২৩ বলে অপরাজিত ৩৯ ও স্টাবস ১৯ বলে ৩৪ রান করেন।

কানাডার হয়ে আনশ প্যাটেল ৩টি এবং দিলপ্রীত বাজওয়া ১টি উইকেট নেন।