অভিষেক শর্মাকে শাস্তি দিল আইপিএল

ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। দলও জিতেছে বড় ব্যবধানে। কিন্তু ম্যাচ শেষের পর আলোচনায় উঠে এল অন্য একটি বিষয়। আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তি পেয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের এই অলরাউন্ডারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ‘শ্রাব্য অশালীন ভাষা ব্যবহারের’ অভিযোগে এই শাস্তি দেওয়া হয়। আইপিএলের আচরণবিধির ধারা ২.৩ অনুযায়ী এটি লেভেল ১ অপরাধ। অভিষেক শর্মা অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
আইপিএলের নিয়ম অনুযায়ী, লেভেল ১ অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এই ধরনের অপরাধ তুলনামূলকভাবে কম গুরুতর হলেও একই ঘটনা বারবার ঘটলে ভবিষ্যতে কঠোর শাস্তি, এমনকি নিষেধাজ্ঞাও আসতে পারে।
মাঠের খেলায় অবশ্য দাপট দেখিয়েছে হায়দরাবাদ। আগে ব্যাট করে ২২৬ রান তোলে তারা। ওপেনিংয়ে ৩৪ বলে ৮২ রানের জুটি গড়ে দেন অভিষেক ও ট্র্যাভিস হেড। অভিষেক ২১ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল চারটি ছক্কা ও চারটি চার।
পরে হাইনরিখ ক্লাসেন অর্ধশতক করেন, সঙ্গে গুরুত্বপূর্ণ রান যোগ করেন নিতীশ কুমার রেড্ডি।
জবাবে ব্যাট করতে নেমে ১৬১ রানেই অলআউট হয়ে যায় কলকাতা। অংক্রিশ রঘুবংশী ৫২ রান করলেও তা যথেষ্ট ছিল না।
বল হাতে হায়দরাবাদের হয়ে জয়দেব উনাদকাট তিনটি উইকেট নেন। নিতীশ কুমার রেড্ডি ও ঈশান মালিঙ্গা দুটি করে উইকেট তুলে নেন।
.png)
