ভারত-পাকিস্তান মহারণে থাকছেন জয় শাহ ও মহসিন নকভি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই হাইভোল্টেজ লড়াই সরাসরি উপভোগ করতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ম্যাচটি ঘিরে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের প্রতিনিধিরাও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। একই ভেন্যুতে পিসিবি ও বিসিসিআই কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের অতিথিদেরও আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত অবস্থায় এই ম্যাচে নামছে। পাকিস্তান তাদের আগের ম্যাচগুলোতে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছে, অন্যদিকে ভারত জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে।
পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতেরই আধিপত্য বেশি। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে, যেখানে ভারত জিতেছে ১৩টিতে এবং পাকিস্তান জিতেছে ৩টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও ভারতের এগিয়ে থাকা স্পষ্ট— ৮ দেখায় ৬ জয় ভারতের, পাকিস্তানের ১টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
সব মিলিয়ে, মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক পর্যায়েও এই ম্যাচ ঘিরে বাড়তি গুরুত্ব স্পষ্ট।
সূত্র : জিও নিউজ