যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু

অধিনায়ক সূর্যকুমার যাদবের অপরাজিত অর্ধশতক ও বোলারদের সম্মিলিত নৈপুণ্যে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার যাত্রা জয় দিয়ে শুরু করেছে ভারত। শনিবার (০৭ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে স্বস্তির জয় তুলে নেয় স্বাগতিকরা।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থামে। টি-টোয়েন্টিরে হিসেবে লক্ষ্য ছোট হলেও শুরুতেই ধাক্কা খায় তারা—মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিংয়ের তোপে ৩.২ ওভারেই স্কোরবোর্ডে ১৩ রান তুলতে না তুলতেই ৩ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। এরপর চতুর্থ উইকেটে মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তির ৫৮ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে।
১২তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ৩৪ রান করা মিলিন্দ কুমার আউট হলে ভাঙে সেই জুটি। কৃষ্ণমূর্তি এরপর শুভম রঞ্জানের সঙ্গে ২৭ রানের ছোট জুটি গড়লেও অক্ষর প্যাটেলের বলে ৩৭ রানে থামেন তিনি। শেষদিকে রঞ্জান পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও শেষ বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন। ২২ বলে ৩৭ রানের ইনিংসে তিনটি ছক্কা ও দুটি চার হাঁকান তিনি।
ভারতের হয়ে সিরাজ ছিলেন সবচেয়ে সফল—৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩ উইকেট। আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট শিকার করেন, আর বরুণ চক্রবর্তী নেন একটি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক হন টি-টোয়েন্টির সেরা ব্যাটার অভিষেক শর্মা। এরপর তিলক ভর্মা (২৫) ও ইশান কিষান (২০) দ্বিতীয় উইকেটে ৩৭ রান যোগ করে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে শ্যাডলি ভ্যান শালকউইকের এক ওভারেই তিলক, কিষান ও শিবম দুবের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এই অবস্থায় ব্যাট হাতে দায়িত্ব নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও একাই স্কোরবোর্ড সচল রাখেন তিনি। রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া দ্রুত ফিরলে ভারতের ইনিংস আরও চাপে পড়ে। সপ্তম উইকেটে অক্ষর প্যাটেলের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন সূর্যকুমার। ১১ বলে ১৪ রান করে অক্ষর আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ৮৪ রানে দলকে ১৬০ রানের গণ্ডি পার করান ভারত অধিনায়ক।
৪৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ভ্যান শালকউইক ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া হারমিত সিং দুটি এবং মোহাম্মদ মোহসিন ও আলি খান একটি করে উইকেট শিকার করেন।