ভারতকে নয়, নিজেদের নিয়েই ভাবছে জিম্বাবুয়ে

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বাগতিক ভারতের দিকে নয়, নিজেদের পরিকল্পনার দিকেই নজর জিম্বাবুয়ের। চেন্নাইয়ে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এমনটাই স্পষ্ট বার্তা দিলেন রোডেশিয়ান অলরাউন্ডার ব্রাড ইভান্স।
দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর চাপে রয়েছে ভারত। সেমিফাইনালে যেতে হলে শুধু নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেই চলবে না, অন্য ম্যাচের ফলও অনুকূলে চাই তাদের। সেই সমীকরণের এক গুরুত্বপূর্ণ অংশ জিম্বাবুয়ে ম্যাচ।
তবে প্রতিপক্ষের চাপে নিজেদের ভাবনায় পরিবর্তন আনতে নারাজ জিম্বাবুয়ে শিবির। ইভান্স বলেন, ‘ভারত দুর্দান্ত দল, সেটা আমরা জানি। কিন্তু আমরা তাদের নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই আমরা প্রস্তুত।’
গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে নজর কেড়েছিল জিম্বাবুয়ে। যদিও মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ রানের বড় হার তাদের নেট রান রেটে ধাক্কা দেয়। সেই ম্যাচ নিয়ে ইভান্সের মন্তব্য, ‘ভারতে অনেকের প্রথম ম্যাচ ছিল। আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি, তবে ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি।’
চেন্নাইয়ের কন্ডিশন নিয়েও আলাদা প্রস্তুতি রয়েছে দলের। ইভান্সের মতে, এখানে কিছুটা শিশির থাকতে পারে, যা দ্বিতীয় ইনিংসে প্রভাব ফেলতে পারে। ‘যে পরিস্থিতিই হোক, আমরা তার জন্য পরিকল্পনা করেছি,’ বলেন তিনি।
ভারতের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্য—অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক বর্মা—নিয়ে প্রশ্ন উঠলে ইভান্স জানান, ‘বাঁহাতি-ডানহাতি সবার জন্যই আলাদা পরিকল্পনা আছে। পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার—সব পরিস্থিতির জন্য প্রস্তুত।’
সেমিফাইনালের সমীকরণে ভারতের জন্য এই ম্যাচ হয়তো ‘করো বা মরো’। কিন্তু জিম্বাবুয়ের কাছে এটি নিজেদের সামর্থ্য প্রমাণের আরেকটি মঞ্চ। তাদের বার্তা পরিষ্কার—প্রতিপক্ষ যত বড়ই হোক, মাঠে নামবে নিজেদের খেলায় আস্থা রেখে।