নির্বাচিত হওয়ার এক দিন পরই পদত্যাগ, চিঠিতে যা বললেন শাকরুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার এক দিনের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন শাকরুল।
পদত্যাগপত্রে ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো কারণ নয়, পারিবারিক ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন তিনি। চিঠিতে শাকরুল লিখেছেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার বাবা সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সে কারণে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর ওপর ন্যস্ত রয়েছে।
এই বাস্তবতায় বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন শাকরুল। দায়িত্বশীলতার জায়গা এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও চিঠিতে জানান।
চিঠির শেষ অংশে নিজের পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন শাকরুল সীমান্ত। পদত্যাগপত্রে তার স্বাক্ষরের পাশে ৮ জুন ২০২৬ তারিখ উল্লেখ আছে। চিঠিটি বিসিবির দপ্তরে গ্রহণও করা হয়েছে।
বিসিবির এবারের নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে কয়েকজন পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যেই ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় ভোট ছাড়াই তার পরিচালক হওয়া নিশ্চিত হয়েছিল।
তবে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিনই তার পদত্যাগ নতুন বোর্ড গঠনের শুরুতেই আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার সময় এমন পদত্যাগ প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখন তার পদত্যাগপত্র গ্রহণ এবং শূন্য হওয়া পদ নিয়ে বিসিবি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
