চোটে ছিটকে গেলেন ইশান কিষান, সুযোগের অপেক্ষায় বৈভব সূর্যবংশী

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ধাক্কা খেয়েছে ভারত। চোটের কারণে আগামীকালের ম্যাচ থেকে ছিটকে গেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষান। তার অনুপস্থিতিতে একাদশে ফেরার সুযোগ তৈরি হয়েছে তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর। ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, কিষানের বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।
শুক্রবার (২৩ অক্টোবর) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ডান পায়ের ঊরুসন্ধির পেশিতে হালকা টান লেগেছে কিষানের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই চোট পান তিনি। বিসিসিআইয়ের চিকিৎসক দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। তবে শনিবারের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা গিয়েছিল। সাধারণত তিন নম্বরে ব্যাট করা কিষানকে নামানো হয় পাঁচ নম্বরে। তার জায়গায় তিন নম্বরে খেলেন তিলক ভার্মা। ম্যাচ চলাকালে এই পরিবর্তনের কারণ জানা না গেলেও পরে বিষয়টি পরিষ্কার করেন ব্যাটিং কোচ কোটাক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোটাক বলেন, ‘ইশানের ঊরুসন্ধিতে টান লেগেছিল। সে কারণেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৈভবের খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ইশান পুরোপুরি সুস্থ না হলে, চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী বৈভব অবশ্যই তার জায়গায় খেলতে পারে। সে অন্যতম শক্তিশালী দাবিদার।’
কিষানের চোটে তাই সুযোগের অপেক্ষায় থাকা সূর্যবংশীর সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি এই তরুণ। নিয়মিত ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপরই আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচের আগে সূর্যবংশীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার মতে, বয়স কম হওয়ায় ভবিষ্যতে আরও অনেক সুযোগ পাবেন বৈভব। পাশাপাশি দলের নিয়মিত ওপেনাররাও ভালো ছন্দে থাকায় এখনই তাদের জায়গায় পরিবর্তন আনার প্রয়োজন দেখেননি তিনি।
𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: Ishan Kishan is ruled out of the second T20I against New Zealand due to a low grade right adductor strain, which he sustained during the first T20I of the series. The BCCI Medical Team is monitoring his progress. #TeamIndia | #NZvIND https://t.co/QbZpuVh1hQ
— BCCI (@BCCI) October 23, 2026
আইয়ার বলেছিলেন, ‘ওর বয়স খুবই কম। সামনে সুযোগ পাওয়ার জন্য অনেক সময় আছে। এখনই সরাসরি একাদশে জায়গা করে নেওয়া সহজ নয়। কারণ আমাদের ওপেনাররা নিয়মিত রান করছে। তারা বিশ্বকাপও জিতেছে।’
নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকার অভিজ্ঞতাও সূর্যবংশীর জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক। তার মতে, ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে তরুণ এই ব্যাটসম্যানকে সাহায্য করবে।
তবে কিষানের চোটে এখন বদলে যেতে পারে সেই পরিকল্পনা। সূর্যবংশীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আগেই হয়েছে। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। সর্বশেষ জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন এই তরুণ। সেই ম্যাচে ৯ বলে ১৫ রান করে ভারতের স্বর্ণপদক জয়ে অবদান রাখেন বৈভব। এরপর আর ভারতের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পাননি তিনি।
তবে বৈভব সাধারণত ওপেনার হিসেবে খেলেন। অন্যদিকে প্রথম ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করেছিলেন কিষান। ফলে সূর্যবংশীকে একাদশে নেওয়া হলে ভারতের ব্যাটিং অর্ডারে আবারও পরিবর্তন আসতে পারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ভারতের চার উইকেটের জয়ে বড় ভূমিকা রাখেন সঞ্জু স্যামসন। তার ৩৩ বলে ৬৭ রানের ইনিংসে ২২৬ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় সফরকারীরা। শেষ দিকে ১৫ বলে অপরাজিত ৪২ রান করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নমন ধীর। দুই বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
আগামী শনিবার (২৪ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। কিষানের অনুপস্থিতিতে সূর্যবংশী একাদশে জায়গা পান কি না, সেটিই এখন দেখার বিষয়।
-e7dd1e.webp)
-5d8c99.webp)
