logo
Advertisement

বাংলাদেশকে ডেকে মাঠেই এল না চীন

বাংলাদেশকে ডেকে মাঠেই এল না চীন
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: এসিসি

বাংলাদেশকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিল চীনই। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতিদের দল। কিন্তু শেষ পর্যন্ত মাঠেই আসেনি চীনের নারী ক্রিকেট দল।

এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে শনিবার সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। বাংলাদেশের ক্রিকেটাররা সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছে যান। সেখানে গিয়ে প্রথমে কিউরেটরের কাছ থেকে ম্যাচ না হওয়ার কথা জানতে পারেন তারা। পরে জানা যায়, চীন মাঠে আসছে না।

বাংলাদেশ নারী দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে, “খেলা হবে না।” কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না।’

চীনের আগ্রহেই ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ জানিয়েছেন, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার অনুরোধে বিসিবির সঙ্গে যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হয়েছিল বাংলাদেশ।

চীনের না আসার বিষয়টিও ওসিএকে জানিয়েছেন তিনি।

এর আগে এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচ মাঠে গড়ায়নি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

চীনের বিপক্ষে প্রীতি ম্যাচটিও না হওয়ায় এখন ভারতের বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন জ্যোতিরা।