কিউইদের বিপক্ষে কঠিন সিরিজের অপেক্ষায় লিটন

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডকেও বড় দল হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষের অভিজ্ঞতার ঘাটতি থাকলেও তাদের হালকাভাবে নিতে চান না তিনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘নিউজিল্যান্ড বড় দল। বিশ্ব ক্রিকেটে তাদের রেকর্ড সবসময় ভালো। তারা হয়তো কিছু নতুন খেলোয়াড় আনছে, কিন্তু একটা দেশের নাম যখন বড় হয়, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পটেনশিয়াল আছে।’
টি-টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দেন লিটন। তার ভাষায়, ‘এই ফরম্যাটটাই এমন, দুইটা ব্যাটসম্যান আর দুইটা বোলার ভালো খেললে ম্যাচ জিতে যেতে পারে। আমাদের চেষ্টা থাকবে, যেভাবে এতদিন খেলেছি, সেভাবেই নিজেদের সেরা ক্রিকেট খেলা।’
এই সিরিজে নেই মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। দুজনের অনুপস্থিতিতে বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠলেও অধিনায়ক পুরো ইউনিটের ওপর আস্থা রাখছেন। তবে মোস্তাফিজের অভাব সহজে পূরণ হওয়ার নয়, সেটিও স্বীকার করেছেন তিনি।
লিটন বলেন, ‘মোস্তাফিজ তো মোস্তাফিজই। তার জায়গা পূরণ করা কঠিন। কিন্তু কোনো কারণে সে না খেললে কাউকে না কাউকে তো খেলতে হবে। যারা সুযোগ পাবে, যত ম্যাচ খেলবে, তারা ধীরে ধীরে ডেভেলপ করবে। মোস্তাফিজের মতো না হলেও তার কাছাকাছি যেতে পারে।’
দল পরিচালনায় স্বাধীনতার প্রশ্নে লিটন জানান, তিনি নিজের মতো করেই কাজ করতে পারছেন। ‘আমি অনেক স্বাধীন। আমি আমার মতো করে টিম গোছাচ্ছি। সঙ্গে সিলেক্টর আছে, কোচ আছে। সবার পরিকল্পনা এই দলকে সামনে নিয়ে যাওয়া,’ বলেন বাংলাদেশ অধিনায়ক।
চট্টগ্রামের উইকেট নিয়েও আশাবাদী লিটন। তার মতে, ‘উইকেট দুই দলের জন্যই সমান থাকবে। বল খেলা না হওয়া পর্যন্ত বলা কঠিন, তবে দেখে মনে হয়েছে ভালো উইকেট হবে।’