আইসিসি র্যাংকিংয়ে নাহিদ-মোস্তাফিজদের বড় লাফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাংকিংয়েও। দলের রেটিং পয়েন্ট বাড়ার পাশাপাশি ব্যক্তিগত র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। সবচেয়ে বড় উত্থান দেখা গেছে পেস বোলিং বিভাগে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান বড় লাফ দিয়েছেন। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পথে তিন পেসার মিলিয়ে নেন ১৮ উইকেট।
তিন ম্যাচে ৮ উইকেট নেওয়া নাহিদ রানা এগিয়েছেন ১৬ ধাপ। তিনি এখন ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৪৮ নম্বরে। একই সিরিজে ৫ উইকেট নেওয়া শরীফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮তম স্থানে। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলেই ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ উন্নতি করে এখন ৪১ নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকাতেও উন্নতি আছে বাংলাদেশের। সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেঞ্চুরিই ছিল সিরিজের অন্যতম বড় ব্যক্তিগত পারফরম্যান্স।
লিটন দাসও র্যাংকিংয়ে এগিয়েছেন উল্লেখযোগ্যভাবে। তিন ম্যাচে একটি ফিফটিসহ ১২৯ রান করে তিনি ১৫ ধাপ উন্নতি করেছেন। লিটনের বর্তমান অবস্থান ৬৫তম।
অলরাউন্ডার র্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজে ব্যাট হাতে ৩৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে তিনি যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। মিরাজ ও আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট সমান ২৭৫।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় ৩২৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। ২৭৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
এদিকে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টির পারফরম্যান্সও র্যাংকিং হালনাগাদে যুক্ত হয়েছে। ওই ম্যাচে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলা তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ৩৯তম স্থানে উঠেছেন।