বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ

বুলাওয়ের আকাশের মেঘ আর টানা বৃষ্টিই শেষ পর্যন্ত নির্ধারণ করল বাংলাদেশের যুবাদের ম্যাচের ভাগ্য। যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ মাঠে গড়ালেও শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়া বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির দাপটে ভেসে গেছে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের এই লড়াই শেষ পর্যন্ত মাঠে গড়ালেও বৃষ্টির দাপটে ফল পাওয়া যায়নি, যার ফলে দুই দলের মধ্যেই পয়েন্ট ভাগাভাগি হয়েছে।
ম্যাচ শুরুর আগেই আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। দেরিতে খেলা শুরু হলেও ওভার সংখ্যা কমিয়ে ৪৭ করা হয়। টস জিতে বাংলাদেশ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, আর কিউইদের ব্যাটিংয়ে পাঠায়।
ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনার আরিয়ান মান ও হুগো বগ শুরুটা করেন সতর্কভাবে। ১১ রানের মাথায় বগ ৬ বলে ৮ রান করে ইকবাল হোসেন ইমনের বলে আউট হন। এরপর অধিনায়ক টম জোনস এসে আরিয়ান মানের সঙ্গে ইনিংস এগিয়ে নেন।
১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫১ রান। ঠিক তখনই আবারও ভারী বৃষ্টি নামে। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ রেফারি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এই ফলাফলের পর গ্রুপ টেবিলে বাংলাদেশের অবস্থান তৃতীয় ও প্রথম ম্যাচে হারের পর এবার এক পয়েন্ট যোগ হয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের দুটি ম্যাচই বৃষ্টিতে ভেসে যাওয়ায় তারা দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।