Advertisement

‘সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: শান্ত

এশিয়া পোস্ট স্পোর্টস
‘সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: শান্ত
নাজমুল হোসেন শান্ত। ছবি: গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর এটিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, শুধু টেস্ট নয়, সব সংস্করণ মিলিয়েই এর চেয়ে বড় সাফল্য আগে পায়নি বাংলাদেশ।

Advertisement

ডারউনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টজয়ী বাংলাদেশের প্রথম অধিনায়কও হয়েছেন শান্ত।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি খুবই খুশি। নিজেকে এবং ছেলেরা যেভাবে খেলেছে, তা নিয়ে গর্বিত। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। এই দলটিকে নিয়ে জিততে পেরে সত্যিই আনন্দিত।’

এই সাফল্যকে বাংলাদেশের ক্রিকেটের সেরা মুহূর্ত মনে করেন কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘অবশ্যই। এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা সেটিই বিশ্বাস করি। সামনে আমরা আরও বিশেষ কিছু করতে চাই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের পেসাররা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শান্তর মতে, পেসারদের মানসিকতায় আসা পরিবর্তনই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অগ্রগতি।

টাইগার অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ-ছয় বছর আগে পেসারদের টেস্ট খেলার আগ্রহ ছিল না, কারণ আমরা পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগও পেতাম না। গত দুই-তিন বছরে আমরা অনেক টেস্ট খেলছি। এখন তারা এই সংস্করণকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায় এবং বিশ্বমানের বোলার হতে চায়।’

পেসারদের এই পরিবর্তনে দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো সিনিয়ররা তাদের আরও বেশি টেস্ট খেলতে উৎসাহিত করেছেন। এই মানসিকতাই এখন তাদের মধ্যে তৈরি হয়েছে।’

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই শতক করা তানজিদ হাসান তামিমের প্রশংসাও করেছেন অধিনায়ক। সাদা বলের আক্রমণাত্মক ক্রিকেট থেকে বেরিয়ে ডারউনে পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন এই ওপেনার।

শান্ত বলেন, ‘সাদা বলের ক্রিকেটে সে সব সময় আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। কিন্তু এই টেস্টে সে নিজের চরিত্র দেখিয়েছে। খুব শান্ত ছিল এবং বলের গুণাগুণ অনুযায়ী শট খেলেছে। আমরা জানি, তার টেস্ট খেলার সামর্থ্য আছে। টপ অর্ডারে আমরা এমন একজনকে চাই, যে দলের ওপর প্রভাব ফেলবে। এই ম্যাচে সে সেটিই করেছে।’

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় এখন হোয়াইটওয়াশের সম্ভাবনাও বাংলাদেশের সামনে। তবে ম্যাকেতে দ্বিতীয় টেস্টের আগে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না শান্ত।

তিনি বলেন, ‘সেই সামর্থ্য যে আমাদের আছে, তার প্রমাণ পেয়েছি। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। পাঁচ দিনই ঠিকভাবে খেলতে হবে। এই টেস্টের মতো প্রক্রিয়া অনুসরণ করে সেশন ধরে এগোতে হবে। বোলাররা নিজেদের কাজ করেছে, ব্যাটাররা রান করেছে। বিশেষ করে লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের অবদান গুরুত্বপূর্ণ ছিল। ম্যাকেতেও আমাদের এসব বিষয় ঠিক রাখতে হবে।’

‘সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: শান্ত