কারিগরি জটিলতায় হলো না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। কিন্তু অভিষেক ম্যাচের জন্য অপেক্ষা আরও বাড়ল তাদের। পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে আজকের নির্ধারিত ম্যাচটি স্থগিত করেছে আয়োজকেরা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
ডব্লিউসিএল এক বার্তায় জানিয়েছে, ‘৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী তথ্য শিগগিরই জানানো হবে।’
ম্যাচটি কবে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি।
তবে ম্যাচ স্থগিতের আগে থেকেই পাকিস্তান চ্যাম্পিয়ন্সের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম গত মাসের শেষদিকে জানিয়েছিল, দেশটির সাবেক ক্রিকেটারদের এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না এবং ‘পাকিস্তান’ নাম ব্যবহার নিয়েও আপত্তি রয়েছে।
তারপরও ডব্লিউসিএলের আনুষ্ঠানিক ওয়েবসাইটে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে সাত দলের একটি হিসেবে রাখা হয়েছিল। ৩ অক্টোবর বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের বিপক্ষে তাদের প্রথম ম্যাচও সূচিতে ছিল। এমনকি ২৯ সেপ্টেম্বর পাকিস্তান চ্যাম্পিয়ন্সের নতুন জার্সি উন্মোচনের তথ্যও প্রকাশ করে প্রতিযোগিতাটির কর্তৃপক্ষ।
ফলে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার সঙ্গে বাংলাদেশের ম্যাচ স্থগিত হওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে আয়োজকেরা এখন পর্যন্ত এমন কোনো কারণ উল্লেখ করেনি। তাদের আনুষ্ঠানিক বক্তব্যে শুধু ‘কারিগরি কারণের’ কথাই বলা হয়েছে।
আরও একটি বিষয় নজরে এসেছিল প্রতিযোগিতা শুরুর আগে। অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল উপস্থিত থাকলেও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের কোনো প্রতিনিধি ছিলেন না।
এবারই প্রথম ডব্লিউসিএলে খেলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। প্রতিযোগিতার আনুষ্ঠানিক ওয়েবসাইটেও বাংলাদেশকে তৃতীয় আসরের নতুন দল হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হওয়ায় বাংলাদেশের প্রথম ম্যাচ এখন সূচি অনুযায়ী ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে হওয়ার কথা। ম্যাচটি ৫ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত রয়েছে।
এরপর বাংলাদেশের অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষেও খেলার কথা রয়েছে।
