Advertisement

হঠাৎ ভারত সফরে যাচ্ছেন তামিম

এশিয়া পোস্ট স্পোর্টস
হঠাৎ ভারত সফরে যাচ্ছেন তামিম
বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বেঙ্গালুরু যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে তামিম ঢাকা ছেড়েছেন। এই সফরের প্রধান উদ্দেশ্য বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।

তামিমের সঙ্গে যাচ্ছেন বিসিবির গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। বিসিবির একটি সূত্র তাদের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার তামিমের নেতৃত্বে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি।

পূর্বাচলের প্রস্তাবিত সেন্টারে আধুনিক অনুশীলন ব্যবস্থা, জিমনেসিয়াম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিকসের সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। বিসিসিআইয়ের সেন্টারটি ঘুরে এসব অবকাঠামোর পরিচালনা ও ব্যবহার সম্পর্কে সরাসরি ধারণা নেবে বিসিবি প্রতিনিধিদল।

বাংলাদেশের ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি উন্নয়ন, পুনর্বাসন এবং বয়সভিত্তিক ও হাই পারফরম্যান্স দলের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পূর্বাচলের স্থাপনাটি গড়ে তুলতে চায় বিসিবি। ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নেও এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তামিমের সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকলেও আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রাজনৈতিক জটিলতায় আটকে থাকা ভারতের বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনা হবে কি না, সেটিও এখনও নিশ্চিত নয়।