টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠান

এক মাসের রোমাঞ্চকর লড়াই শেষে পর্দা নামছে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে জমকালো সমাপনী অনুষ্ঠান।
ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে কলকাতায় দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় নিউজিল্যান্ড।
রোববার (৮ মার্চ) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। ভেন্যু থাকবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামই। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পুয়ের্তো রিকান সংগীতশিল্পী রিকি মার্টিন। তার সঙ্গে থাকবেন বলিউড ও পাঞ্জাবি গায়ক সুখবীর এবং গুজরাটি লোকসংগীত তারকা ফাল্গনি পাঠাক।
ফাইনালে ভারতের লক্ষ্য হবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতা। অন্যদিকে নিউজিল্যান্ড খেলবে তাদের ইতিহাসের দ্বিতীয় ফাইনাল—লক্ষ্য প্রথমবারের মতো শিরোপা জেতা।