Advertisement

জাতীয় পতাকা বিতর্কে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
জাতীয় পতাকা বিতর্কে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপন ঘিরে বিতর্কে জড়িয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করা হয়েছে।

Advertisement

ভারতের পুনে পুলিশের কাছে করা অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের একটি স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে ‘অশোভন আচরণ’ করেছেন।

পুনের শিবাজিনগর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, আইনজীবী ওয়াজিদ খান পুলিশের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘জাতীয় পতাকা শরীরে জড়িয়ে যেভাবে আচরণ করা হয়েছে তা আইনের দৃষ্টিতে অপরাধ হতে পারে। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’

যদিও এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পান্ডিয়া বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পান্ডিয়া। ব্যাট ও বল দুই বিভাগেই পারফর্ম করে তিনি টুর্নামেন্টে দুইটি অর্ধশতক করেন এবং মোট নয়টি উইকেট নেন।

ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এটি ছিল ভারতের তৃতীয় শিরোপা।

বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে পান্ডিয়া বলেন, ‘আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যে টুর্নামেন্টই খেলি, জয়ের জন্যই খেলব। এই জয় সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। আর এটি কেবল শুরু।’

সূত্র: এনডিটিভি