কেন ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

লর্ডস টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতির পর পাকিস্তান দলের মাঠে ফেরা নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ প্রচার মাধ্যম স্কাই স্পোর্টসের ওপর ক্ষুব্ধ হয়ে খেলোয়াড়দের মাঠে না পাঠানোর হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃষ্টিবিঘ্নিত মধ্যাহ্নবিরতিতে স্কাইয়ের ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে ইমরানের ছেলে কাসিম ও সুলাইমান খান তাদের বাবার শারীরিক অবস্থা ও কারাগারে পাওয়া চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সাক্ষাৎকারটি যেন প্রচার করা না হয়, সে জন্য আগে থেকেই স্কাইয়ের ওপর চাপ সৃষ্টি করেছিল পিসিবি। তবে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সম্প্রচার সহযোগী প্রতিষ্ঠানটি।

সাক্ষাৎকারে কাসিম অভিযোগ করেন, কারাগারে ইমরানকে দীর্ঘ সময় আটকে রেখে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাকিস্তান সরকার তার বাবাকে ‘মেরে ফেলার চেষ্টা করছে’ বলেও দাবি করেন তিনি।
সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর স্কাইয়ের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি। একপর্যায়ে বোর্ডের কর্মকর্তারা মধ্যাহ্নবিরতির পর পাকিস্তানের খেলোয়াড়দের মাঠে না পাঠানোর হুমকিও দেন। পরে পিসিবি ও ইসিবির মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনার পর সিদ্ধান্ত বদলায় সফরকারী দল। নির্ধারিতভাবেই বিকেল ও সন্ধ্যার খেলা অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে পাকিস্তান দল মাঠে নামবে বলে ইসিবিকে আশ্বস্ত করেছে পিসিবি।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। দেশটির সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই সাক্ষাৎকারটি নিয়ে বোর্ডের এমন কঠোর অবস্থান বলে ধারণা করা হচ্ছে।
৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছর ধরে কারাবন্দী। সম্প্রতি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। তার আইনজীবীদের দাবি, কারাগারে থাকার সময় ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।
ইমরানের যথাযথ চিকিৎসার আহ্বান জানিয়ে সম্প্রতি দ্বিতীয়বারের মতো যৌথ চিঠি দিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে আথারটন, কপিল দেব, অ্যাডাম গিলক্রিস্ট ও গ্রেগ চ্যাপেলও রয়েছেন।
এই বিতর্ক নিয়ে স্কাই স্পোর্টস, ইসিবি ও পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।



