logo

নিউজিল্যান্ড সিরিজে সাকিবের না থাকার ব্যাখ্যা দিলেন বাশার

নিউজিল্যান্ড সিরিজে সাকিবের না থাকার ব্যাখ্যা দিলেন বাশার

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও বাংলাদেশ দলে থাকছেন না সাকিব আল হাসান। তাকে ফেরানোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি সাবেক এই অধিনায়কের।

নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবের সঙ্গে এ নিয়ে তার কথা হয়েছে এবং মূল আলোচনাই ছিল তার বর্তমান প্রস্তুতি নিয়ে।

বাশার বলেন, ‘আমার সঙ্গে দু-একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম, এখন কী করছে। যেহেতু ও যেখানে আছে সেখানে ক্রিকেটটা রেগুলার হয় না। ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। যদিও ক্রিকেট খেলছে। আমি আসলে এসব বিষয় নিয়েই ওর সঙ্গে বেশি কথা বলেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ওর আ্যভেলেইবিলিটি পরের বিষয়। যদি আমরা চাই অবশ্যই লম্বা সময়ের জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে লম্বা সময়ের জন্যই চাই। আলাপটা আসলে এটাই হয়েছে যে, সে কতটুকু প্রিপায়ারড।’

প্রধান নির্বাচকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রয়োজন যথাযথ প্রস্তুতি। ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিমান্ড লটস অব থিংস। ইন্টারন্যাশ ক্রিকেট খেলার আগে নিজের প্রিপেয়ার হওয়াটাও গুরুত্বপূর্ণ,’ বলেন তিনি।

এদিকে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড প্রসঙ্গে বাশার জানান, পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজের ধারাবাহিকতাই ধরে রাখা হয়েছে। খুব বেশি পরিবর্তন না এনে একই কাঠামোয় এগোতে চায় টিম ম্যানেজমেন্ট।

তিনি বলেন, দলে নতুন যারা এসেছে বা যারা একাদশে সুযোগ পায়নি, তাদের পর্যাপ্ত সময় দেওয়াই এখন লক্ষ্য। ‘কাউকে সুযোগ না দিয়ে বাদ দেওয়ার পক্ষে আমরা নই,’ স্পষ্ট করেন প্রধান নির্বাচক।