বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে যা বললেন লিটন

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আর সেই অনিশ্চয়তার মাঝেই জাতীয় দলের অধিনায়ক লিটন দাস জানালেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবেন কি না, তিনি এখনো নিশ্চিত নন।
বিপিএল এলিমিনেটরে সিলেট টাইটান্সের কাছে শেষ বলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেন রংপুর রাইডার্স অধিনায়ক। বিশ্বকাপে যাওয়া নিয়ে সরাসরি প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘যাব কি না এখনো নিশ্চিত না।’
অবশ্য বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিসিবির অবস্থানে কোনো পক্ষেই যাননি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এ নিয়ে তিনি কেনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেন, ‘নো কমেন্ট।’
এর আগে বোর্ডের সঙ্গে এ বিষয়ে তার কোনো যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে লিটন স্পষ্ট করে জানান, ‘না, কোনো যোগাযোগ হয়নি।’
তিনি আরও যোগ করেন, ‘শুধু আমরা ১৫ জনই নই, এটা পুরো দেশই জানে না কোন দেশে যাব, কোথায় খেলব।’
এদিকে বিসিবি ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার অস্থানেই অনড়। অন্যদিকে আইসিসির পক্ষ থেকেও ভেন্যু পরিবর্তন নিয়ে কোনো ইতিবাচক বার্তা আসেনি। ফলে বিষয়টি এখনো অমীমাংসিত।
সম্প্রতি গণমাধ্যমে খবর আসে, আইসিসি নাকি ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে। তবে বিসিবি এই দাবি অস্বীকার করেছে।
বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার আলোচনা উঠেছে। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। আর স্কটিশ কর্তৃপক্ষও নিজ উদ্যোগে বিষয়টি তুলছে না।
সব মিলিয়ে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলেও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।