logo

টেস্টে টি-টোয়েন্টির মেজাজে তানজিদ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

টেস্টে টি-টোয়েন্টির মেজাজে তানজিদ, দুর্দান্ত শুরু বাংলাদেশের
তানজিদ তামিম। পুরোনো ছবি

দুই ওপেনার শাদমান ইসলাম ও তানজিদ তামিমের বিপরীতধর্মী ব্যাটিংয়েই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। মাত্র ৪১ বলে ফিফটি তুলে নেওয়া তানজিদের দাপটে প্রথম ১৮ ওভারেই শতরান পূর্ণ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দিনের শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন তানজিদ। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলেন দুই ওপেনার।

এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন তানজিদ। সাতটি চার ও একটি ছক্কায় ৪১ বলে পূর্ণ করেন ফিফটি। টেস্টের মেজাজের সঙ্গে আপস না করে বরং নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়েই রান তুলতে থাকেন বাঁহাতি এই ওপেনার।

অন্য প্রান্তে অবশ্য অনেক বেশি সতর্ক শাদমান। তানজিদ যখন নিয়মিত বাউন্ডারি আদায় করছিলেন, তখন উইকেট ধরে রেখে তাকে সঙ্গ দেওয়ার কাজটি করেছেন শাদমান। দুজনের ব্যাটিংয়ে ১৮তম ওভারের শেষ বলে বিনা উইকেটে ১০০ রানে পৌঁছায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৬৪ রানে অপরাজিত তানজিদ। শাদমান খেলছেন ৫৭ বলে চারটি চারে ৩১ রান নিয়ে।