লন্ডনে জন্মদিনের কেক কাটলেন সাকিব, সঙ্গে বিসিবি পরিচালক

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৯ বছর পূর্ণ করে ৪০-এ পা দিয়েছেন। জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছায় ভেসেছেন তিনি। এর মধ্যেই লন্ডনে ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদযাপনের একটি মুহূর্ত আলোচনায় এসেছে।
লন্ডনে অবস্থানকালে বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিবের সঙ্গে জন্মদিন উদযাপনে অংশ নেন। কেক কাটার সেই আয়োজনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুতই ভক্তদের মধ্যে সাড়া ফেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক নিজেই।
জানা গেছে, গত ২২ মার্চ লন্ডনে যান আসিফ আকবর। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সাকিব। বন্ধু-বান্ধবদের নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।
সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে সাম্প্রতিক সময়ে সরব ছিলেন আসিফ আকবর। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রশাসনিক প্রক্রিয়া ইতিবাচক হলে সাকিবকে আবারও মাঠে দেখা যেতে পারে। যদিও এখন পর্যন্ত তার ফেরার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর কয়েক দফা তার প্রত্যাবর্তনের আলোচনা উঠলেও বাস্তবে তা আর এগোয়নি।
এদিকে সাকিবের দলে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকেও ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক পর্যায়ে জানান, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে জাতীয় দলে ফেরার পথ খুলতে পারে এই অলরাউন্ডারের।
জন্মদিন উপলক্ষে সতীর্থ ও সাবেক ক্রিকেটারদের কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন সাকিব। মাশরাফি বিন মোর্ত্তজা সামাজিক মাধ্যমে তাকে ‘সেরাদের সেরা’ উল্লেখ করে শুভেচ্ছা জানান।
আগামী এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ দিয়েই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে কি না—তা এখনও অনিশ্চিত। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, খুব শিগগিরই তাকে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।