logo

আফকন বিতর্কে পদ ছাড়লেন ক্যাফ মহাসচিব

আফকন বিতর্কে পদ ছাড়লেন ক্যাফ মহাসচিব

আফ্রিকান ফুটবলে চলমান বিতর্কের মধ্যেই পদত্যাগ করেছেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (CAF) মহাসচিব ভেরন মসেঙ্গো-ওমবা। রোববার (২৯ মার্চ) তার এই সিদ্ধান্ত আসে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ফাইনাল ঘিরে তীব্র সমালোচনা ও আস্থার সংকটের প্রেক্ষাপটে।

সংস্থাটির বোর্ডের সিদ্ধান্তে সেনেগালের শিরোপা বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, যা নিয়ে আফ্রিকান ফুটবলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই বিতর্কের জেরেই মসেঙ্গো-ওমবার পদত্যাগ বলে মনে করা হচ্ছে।

তবে নিজের বিবৃতিতে তিনি জানিয়েছেন, দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারের পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা সন্দেহ ও অভিযোগের জবাব তিনি দিয়েছেন এবং এখন নিশ্চিন্ত মনে দায়িত্ব ছাড়ছেন।

সাম্প্রতিক সময়ে তার পদে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল, কারণ নির্ধারিত অবসরের বয়স পার হওয়ার পরও তিনি দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাফের ভেতর থেকেও তার অপসারণের দাবি উঠেছিল।

মসেঙ্গো-ওমবা ক্যাফের একজন প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তবে কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের অভিযোগও ছিল তার বিরুদ্ধে, যদিও তদন্তে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি।

এদিকে আফকন ফাইনাল বিতর্কের পর সংস্থাটির ভাবমূর্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সেনেগাল ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবিও উঠেছে।

ক্যাফ জানিয়েছে, আপাতত প্রতিযোগিতা বিষয়ক পরিচালক স্যামসন আদামু ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।