logo
Advertisement

দুই দিনে টেস্ট শেষ, তবু সর্বোচ্চ রেটিং পাচ্ছে ম্যাকাইয়ের পিচ!

এশিয়া পোস্ট স্পোর্টস
দুই দিনে টেস্ট শেষ, তবু সর্বোচ্চ রেটিং পাচ্ছে ম্যাকাইয়ের পিচ!
ম্যাকাইয়ের পিচ। ছবি: গেটি ইমেজ

মাত্র ৭৫০ বলেই শেষ হয়েছে টেস্ট। পাঁচ সেশনে পড়েছে ৩০ উইকেট, দুই ইনিংসেই একশর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এত কিছুর পরও ম্যাকাইয়ের পিচ নিয়ে নেতিবাচক কিছু দেখছেন না ম্যাচ কর্মকর্তারা। উল্টো আইসিসির সর্বোচ্চ ‘ভেরি গুড’ রেটিং নাকি পেতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট!

Advertisement

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন ক্রিকেটের প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পিচকে ‘ভেরি গুড’ রেটিং দেওয়া হতে পারে। আইসিসির চারটি পিচ গ্রেডের মধ্যে এটিই সর্বোচ্চ। তবে আনুষ্ঠানিক রেটিং এখনো প্রকাশ করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির বর্তমান পদ্ধতিতে পিচের চারটি গ্রেড হলো ‘ভেরি গুড’, ‘স্যাটিসফ্যাক্টরি’, ‘আনস্যাটিসফ্যাক্টরি’ ও ‘আনফিট’। ম্যাচ শেষে দায়িত্বপ্রাপ্ত ম্যাচ রেফারি পিচ ও আউটফিল্ডের মান যাচাই করে রেটিং দিয়ে থাকেন।

‘ভেরি গুড’ পিচের বৈশিষ্ট্য হিসেবে শুরুতে ভালো ক্যারি, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্সের কথা বলা হয়েছে। এমন উইকেটে ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্যপূর্ণ লড়াইয়ের সুযোগ থাকার কথা।

ম্যাকেতে অবশ্য প্রথম দিনেই পড়েছিল ১৮ উইকেট। মিচেল স্টার্কের তোপে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শরিফুল ইসলামের সাত উইকেটে অস্ট্রেলিয়াও ২১০ রানের বেশি করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯৫ রানে অলআউট হলে এক ইনিংস ও ৫১ রানের জয় পায় স্বাগতিকেরা।

দুই দিনে ম্যাচ শেষ হলেও পিচকে দায় দিতে রাজি ছিলেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘পিচ যথেষ্ট ভালো ছিল। পাঁচ সেশনে ৩০ উইকেট পড়ার মতো উইকেট বলে মনে হয়নি।’ তার মতে, ভালো বোলিংয়ের পাশাপাশি দুই দলের ব্যাটারদের সাধারণ মানের নিচের পারফরম্যান্স ম্যাচটি দ্রুত শেষ করেছে।

স্টার্ক দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন। বাংলাদেশের হয়ে শরিফুলের সংগ্রহ ছিল ক্যারিয়ারসেরা ৭ উইকেট। ফলে পিচের অতিরিক্ত আচরণের চেয়ে দুই দলের পেসারদের দক্ষতা এবং ব্যাটারদের ব্যর্থতাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুই দিনে টেস্ট শেষ, তবু সর্বোচ্চ রেটিং পাচ্ছে ম্যাকাইয়ের পিচ!