বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হবে বুধবার

ভারতে খেলবে কি খেলবে না—এই প্রশ্নে টালমাটাল বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভবিষ্যৎ অবশেষে চূড়ান্ত মোড় নিতে যাচ্ছে। আগামী বুধবার, ২১ জানুয়ারির মধ্যেই বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না—এবং খেললে কোথায় খেলবে—সে বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসছে।
জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, শনিবার ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে এই সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। অর্থাৎ, আর জল্পনা নয়—দুই দিনের মধ্যেই সবকিছু পরিষ্কার হবে।
এই সংকটের শুরু মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে ভারতে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরা হয়, যা ধীরে ধীরে বিশ্বকাপ অংশগ্রহণের প্রশ্নে রূপ নেয়।
শনিবারের বৈঠকে বিসিবি আবারও স্পষ্ট করে জানায়—ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না। বিকল্প হিসেবে তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো বা গ্রুপ বদলের প্রস্তাব তোলে।
কিন্তু ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবে রাজি হয়নি আইসিসি এবং সূচি বদলের সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।
আইসিসি বারবার বিসিবিকে জানিয়েছে—ভারতে বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তাদের স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও সরাসরি ঝুঁকির প্রমাণ মেলেনি।
এ কারণে আইসিসি এখন বাংলাদেশের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ যদি ভারত সফরে ‘না’ জানায়, তাহলে আইসিসি বিকল্প দল ডাকতে পারে। সেক্ষেত্রে র্যাঙ্কিং বিবেচনায় সবচেয়ে সম্ভাব্য নাম স্কটল্যান্ড।