লিটনের এলপিএল খেলাও অনিশ্চিত

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ম্যাচ ফিট হতে না পারায় হারারেতে সিরিজের বাকি দুই ম্যাচে আর খেলতে পারবেন না বাংলাদেশ ব্যাটার। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়ে গেছে তার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনাও।
এর আগে, লিটনকে এলপিএল খেলার জন্য ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু জিম্বাবুয়েতে চোটের কারণে প্রথম ওয়ানডে মিস করার পরও তার অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি। বুধবার তার ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেই পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় তাকে সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটন প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি এবং এখনও ম্যাচ ফিট নন। সামনে টানা দুটি ওয়ানডে থাকায় এই সময়ের মধ্যে তার যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছে না দল।
চোট কাটিয়ে উঠতে লিটন এখন ঢাকায় ফিরবেন। সেখানেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। এই অবস্থায় এলপিএলে তিনি আদৌ খেলতে পারবেন কি না, সেটি নির্ভর করবে তার চোটের অগ্রগতি ও পরবর্তী ফিটনেস মূল্যায়নের ওপর।
লিটনের বদলি হিসেবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের দলে নেওয়া হয়েছে বাহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। ৯ ও ১১ জুলাই হারারেতে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচটি মেহেদী হাসান মিরাজের দলের জন্য বাঁচা-মরার লড়াই। এমন সময়ে অভিজ্ঞ ব্যাটার লিটনের ছিটকে যাওয়া দলের টপ অর্ডারের জন্য বড় ধাক্কা।




