বিপিএল স্থগিতের খবরই জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই সিদ্ধান্তের কথা জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিষয়টি সংবাদমাধ্যমের কাছ থেকে জেনেই তিনি জানিয়েছেন, বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত। এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনায় বসার কথাও বলেছেন তিনি।
রোববার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিপিএল প্রসঙ্গ ওঠে। তখন আমিনুল জানান, এ বছর টুর্নামেন্টটি হচ্ছে না, সেটি তিনি আগে জানতেন না।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এখনই আপনাদের কাছ থেকে জানলাম, বিপিএল হবে না। আগে বিষয়টি জানতাম না। বিপিএল বাংলাদেশের একটি জনপ্রিয় টুর্নামেন্ট।’
এ বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার ভাষ্য ছিল, টুর্নামেন্টের আর্থিক ও প্রশাসনিক কিছু সমস্যা সমাধান না করে নতুন আসর শুরু করতে চায় না বোর্ড। যেসব বিষয় বিপিএলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে, সেগুলো আগে ঠিক করাই বিসিবির অগ্রাধিকার।
ফ্র্যাঞ্চাইজিগুলোও বোর্ডের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। দীর্ঘমেয়াদে বিপিএলকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রয়োজনে এক বছরের বিরতি মেনে নেওয়ার কথাও জানিয়েছিল তারা।
তবে ক্রিকেটারদের মধ্যে সিদ্ধান্তটি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিপিএল অনেক দেশি ক্রিকেটারের আয়ের বড় উৎস। এক বছর টুর্নামেন্ট না হলে আর্থিকভাবে কীভাবে ক্ষতি সামলানো হবে, তা নিয়ে ক্রিকেটারদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
পরিস্থিতি সামাল দিতে পরে দেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দেয় বিসিবি। বোর্ডের উদ্দেশ্য ছিল, বিপিএল না হলেও ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা কিছুটা নিশ্চিত করা।
তবে ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করেন, জনপ্রিয়তা ও গুরুত্ব বিবেচনায় বিপিএলের মতো টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
আমিনুল বলেন, ‘আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। আমার মনে হয়, বিপিএলের মতো একটি টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত।’
কেন এবার বিপিএল আয়োজন করা হচ্ছে না, সেটিও বিসিবির সঙ্গে আলোচনা করে জানতে চান তিনি। ভবিষ্যতে এমন প্রতিযোগিতা নিয়মিত হচ্ছে কি না, সেটিও নজরে রাখার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘কেন এটি হচ্ছে না, সেটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ভবিষ্যতে অবশ্যই আমরা দেখব, এ ধরনের প্রতিযোগিতা যেন নিয়মিত আয়োজন করা হয়।’
ফলে বিপিএল নিয়ে বিসিবির সংস্কার পরিকল্পনার মধ্যেই এবার সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের অবস্থানও সামনে এল। বিসিবি যেখানে আর্থিক ও কাঠামোগত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত রাখার পক্ষে, সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী চাইছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি যেন প্রতি বছরই মাঠে গড়ায়।


