কাউন্টি ক্রিকেটে দেখা গেল প্রথম ইনজুরি সাবস্টিটিউট

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে শুরু হলো নতুন এক অধ্যায়। এবার প্রথমারের মতো ‘লাইক ফর লাইক’ ইনজুরি সাবস্টিটিউট হিসেবে মাঠে নামলেন এসেক্সের অলরাউন্ডার নোয়া থেইন। শুক্রবার সাউদাম্পটনে হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচে আঙুল ভেঙে ছিটকে যান এসেক্স অধিনায়ক টম ওয়েস্টলি। তার জায়গাতেই নামেন থেইন।
চোটজনিত কারণে বদলি খেলোয়াড় নেওয়ার নিয়ম আগে থাকলেও সেটি সীমাবদ্ধ ছিল কেবল ফিল্ডিংয়ে। তবে এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নতুন এক পরীক্ষামূলক নিয়ম চালু করেছে, যেখানে নির্দিষ্ট পরিস্থিতিতে বদলি খেলোয়াড় পূর্ণাঙ্গভাবে ম্যাচে অংশ নিতে পারবেন।
সপ্তাহের শুরুতেই চালু হওয়া এই নিয়ম পুরো মৌসুমজুড়ে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। ইনজুরি, অসুস্থতা কিংবা সন্তানের জন্ম বা পরিবারের গুরুতর অসুস্থতার মতো বিশেষ পরিস্থিতিতে দলগুলো ‘লাইক ফর লাইক’ বদলি নিতে পারবে।
ওয়েস্টলি মূলত ব্যাটার হওয়ায় তার পরিবর্তে নামা থেইনও ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন। তবে এই ম্যাচে তিনি বোলিং করতে পারবেন না। নিয়ম অনুযায়ী, একবার বদলি নামলে মূল খেলোয়াড় আর ম্যাচে ফিরতে পারবেন না।
এই বদলির অনুমোদন দিতে হবে ম্যাচ রেফারিকে। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরামর্শেই সদস্য দেশগুলোকে ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও একই ধরনের নিয়ম দেখা গেছে।