Advertisement

জিসানের ১৯ বলের ফিফটিতে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

এশিয়া পোস্ট স্পোর্টস
জিসানের ১৯ বলের ফিফটিতে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি
ছবি: বিসিবি

জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে মালয়েশিয়াকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। মাত্র ১৯ বলে ফিফটি তুলে নেওয়া এই ওপেনারের ঝড়ে ১০৬ রানের লক্ষ্য ৭.৪ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ এইচপি।

Advertisement

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

দুই ওপেনারকে দ্রুত হারানোর পর মালয়েশিয়ার ইনিংস সামাল দেন সৈয়দ আজিজ ও আহমেদ আকিল। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ৫৮ রান। তবে তাঁদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের গতি পায়নি দলটি।

৫২ বলে ৪০ রান করে মালয়েশিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আজিজ। আকিলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩০ রান। দুজনকেই ফেরান বাংলাদেশের পেসার আবু হায়দার রনি। নিয়মিত বিরতিতে উইকেট না পড়লেও বাংলাদেশের বোলাররা রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মালয়েশিয়ার বোলারদের ওপর ঝড় তোলেন জিসান। মাত্র ১৯ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও সাতটি ছক্কা।

জিসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ছয় ওভারের মধ্যেই ম্যাচ থেকে ছিটকে যায় মালয়েশিয়া। তাঁকে যোগ্য সঙ্গ দেন জাওয়াদ আবরার। মাত্র ৮ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

শেষ পর্যন্ত ৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি। তখনো ইনিংসের ৭৪ বল বাকি ছিল।

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও দাপট ধরে রেখে নিশ্চিত করল হোয়াইটওয়াশ। দুই দলের লড়াই এবার গড়াবে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

জিসানের ১৯ বলের ফিফটিতে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি